স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত

বাগেরহাট অফিস ॥ বাগেরহাটের কচুয়া উপজেলায় মানসসিক রোগী স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সরদার ইকবাল হোসেন বলেন, শুক্রবার রাতের খাবার খেয়ে বারান্দায় বসে পান খাচ্ছিলেন দিনমজুর মোকসেদ মল্লিক। এ সময় হঠাৎ পেছন দিক থেকে মানসিক রোগী স্ত্রী এমিলি বেগম(৫০) লাঠি দিয়ে মোকসেদ মল্লিকের মাথায় আঘাত করেন। স্থানীয়রা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা। রাত সাড়ে ১২টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই দম্পতির ৬ ছেলে-মেয়ে রয়েছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুজ্জামান শেখ বলেন, নিহতের স্ত্রী এমিলি বেগম ৮ বছর ধরে মস্তিস্ক বিকৃত অবস্থায় অসুস্থ রয়েছেন। তার চিকিৎসার জন্য স্বামী অনেক চেষ্টা করেছেন। কিন্তু হঠাৎ করে এমন ঘটনা ঘটবে তা বুঝতে পারিনি।

ভাগ