তুষারধসে আটকে পড়াদের উদ্ধারে গিয়ে তুরস্কে নিহত ৩৩
লোকসমাজ ডেস্ক ॥ তুরস্কে তুষারধসে নিখোঁজদের উদ্ধার করতে গিয়ে আরেকটি ধসে নিহত হয়েছে ৩৩ জন। বুধবার ইরান সীমান্তবর্তী দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ ভানে এই ঘটনা ঘটে। আলজাজিরা জানায়, পাহাড় ঘেরা বাহশিসেহের শহরের কাছে মহাসড়কে তুষারধসে আক্রান্ত হয় উদ্ধারকারী দলটি। আগের দিন ওই এলাকায় তুষারধসে নিহত হয় ৫ জন। নিখোঁজ আরও দুজন। সেই ঘটনায় উদ্ধারকার্যের জন্য দলটি পাঠানো হয়েছিল। তুরস্কের দুর্যোগ ব্যবস্থা সংস্থা এএফএডি নিশ্চিত করে যে, দুই তুষারধসে নিহতের সংখ্যা ৩৮। যার মধ্যে আছে ৩৩ জনের একটি উদ্ধারকারী দলটিও। প্রাদেশিক গভর্নর মেহমেত এমিন বিলমেজ জানান, উদ্ধারকারী দলটির আরও ১৫ সদস্যকে বরফের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লন্ডনে খাবার চুরি করে বরখাস্ত হলেন ভারতীয় হাইপ্রোফাইল ব্যাংকার
লোকসমাজ ডেস্ক ॥ লন্ডনে অফিস ক্যানটিন থেকে খাবার চুরি করে চাকরি খোয়ালেন ভারতীয় এক হাইপ্রোফাইল ব্যাংক কর্মকর্তা। ইন্ডিয়া টুডে জানায়, পারস শাহ নামে এই ভারতীয় লন্ডনের ক্যানারি ওয়ারফে সিটিব্যাংকের ইউরোপীয় হেডকোয়ার্টারে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কাজ করতেন। মাসে তার বেতন ছিল ব্রিটিশ পাউন্ডে অযুত ঘরের। বছরে আয় ছিল ৯ কোটিরও বেশি রুপি। ফিন্যান্সিয়াল টাইমসের সূত্রে জানা যায়, ৩১ বছর বয়সী পারস শাহকে গত মাসে সিটি গ্র“প থেকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, অফিসের ক্যানটিন থেকে তিনি খাবার চুরি করেছেন। ভারতীয় এই কর্মকর্তা ২০১৭ সালে সিটি গ্র“পে যোগদান করেন। সর্বশেষ তিনি ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা বিষয়ক বন্ড ট্র্যাডিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন।
অভিশংসন থেকে ট্রাম্পকে বাঁচিয়ে দিল সিনেট
লোকসমাজ ডেস্ক ॥ অভিশংসনের অভিযোগ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেকসুর খালাস দিয়েছে দেশটির কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। তার বিরুদ্ধে আনা দুটি অভিযোগই নাকচ করে দিয়েছেন সংখ্যাগরিষ্ঠ সিনেটররা। বুধবারের ঐতিহাসিক এই ভোটে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের ৪৫তম এই প্রেসিডেন্টকে অভিশংসিত না করার সিদ্ধান্ত নেয় সিনেট। ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি সিনেটে সংখ্যাগরিষ্ঠ। ফলে তিনি এখানে পার পেয়ে যান। যদিও ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে তাকে অভিশংসিত করা হয়েছিল। বিবিসি জানায়, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ থেকে একশ’ সদস্যের সিনেটে ৫২-৪৮ ভোটে খালাস পান ট্রাম্প। আর কংগ্রেসের কাজে বাধা দেওয়ার অভিযোগ থেকে আরও এক ভোট বেশি পেয়ে রেহাই পান তিনি। ক্ষমতার অপব্যবহারসহ এই দুই অভিযোগে ডিসেম্বরে প্রতিনিধি পরিষদের ভোটে অভিশংসিত হয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সিনেটে তার দল সংখ্যাগরিষ্ঠ হওয়ায় তিনি পার পেয়ে যাবেন বলেই ধারণা করা হয়েছিল। অবশ্য ট্রাম্পই যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট যিনি প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েও আগামী নভেম্বরের নির্বাচনে লড়তে যাচ্ছেন। ‘শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের উত্থান’ এবং শক্তিশালী ডেমোক্রাট প্রার্থী না থাকায় দ্বিতীয় মেয়াদেও তিনি জয় পেতে যাচ্ছেন এমনটাই মনে করা হচ্ছে। যদি দুটি অভিযোগের কোনো একটিতে ট্রাম্প অভিশংসিত হতেন তাহলে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বাকি সময়ের জন্য হোয়াইট হাউসের দায়িত্ব পেতেন। প্রসঙ্গত, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে বিতর্কিত ফোনালাপ নিয়ে ট্রাম্পের অভিশংসনের মুখে পড়ার এমন পরিস্থিতি সৃষ্টি হয়। এ নিয়ে দ্বিতীয় মেয়াদে নির্বাচনের আগে বিপাকে পড়েন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০২০ সালের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থী জো বাইডেনকে কালিমালিপ্ত করতে ট্রাম্প বিদেশি সাহায্য চেয়েছেন এবং এ ক্ষেত্রে ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তাকে তিনি দর-কষাকষির হাতিয়ার করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপের কয়েক দিন আগে ৪০০ মিলিয়ন ডলারের মার্কিন সামরিক সহায়তা আটকে দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন ট্রাম্প। তবে বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্টকে চাপ দেওয়ার কথা অস্বীকার করেন তিনি। জো বাইডেনের বিরুদ্ধে অভিযোগ ভাইস প্রেসিডেন্ট থাকাকালে ২০১৬ সালে ইউক্রেনের প্রসিকিউটর ভিক্টর শোকিনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পেছনে তার ভূমিকা ছিল। শোকিনের অফিস বুরিস্মা নামের একটি গ্যাস কোম্পানির অনিয়ম তদন্ত শুরু করেছিলেন, যে কোম্পানির বোর্ড সদস্য ছিলেন বাইডেনের ছেলে হান্টার বাইডেন।
দিল্লির মার্কিন দূতাবাসে ৫ বছরের শিশুকে ধর্ষণ
লোকসমাজ ডেস্ক ॥ ভারতের রাজধানী দিল্লিতে এবার পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভয়ংকর এই ঘটনা ঘটেছে খোদ মার্কিন দূতাবাস চত্বরে! অভিযুক্ত গাড়িচালককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ২৫ বছরের ওই গাড়িচালক দূতাবাসেরই এক হাউসকিপিং স্টাফের মেয়েকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। সে মার্কিন দূতাবাসের সার্ভেন্ট কোয়ার্টারে থাকত। মার্কিন দূতাবাস জানিয়েছে, অভিযোগ পেয়েই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের কথায়, ‘এই ঘটনায় আমরা যারপরনাই বিচলিত। অভিযোগ পেয়েই বিষয়টি পুলিশের নজরে নিয়ে এসেছি আমরা। তদন্তে পূর্ণ সহযোগিতা করছি।’




