লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা॥ স্বামীর দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় মাহমুদা সুলতানা পলি (২৭) নামে এক গৃহবধূকে মারপিট করা মামলায় গ্রেফতার হয়েছেন স্বামী ও শ^শুর। ঘটনাটি ঘটেছে নড়াইলের লোহাগড়া উপজেলার দোয়ামল্লিকপুর গ্রামে। স্বামীর নির্দেশে শাশুড়ি ও ননদ মারপিট করেন বলে অভিযোগ। মারাত্মক অসুস্থ ওই গৃহবধূ লোহাগড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, লোহাগড়ার দোয়ামল্লিকপুর গ্রামের ইদ্রিস মোল¬ার ছেলে শাহরিয়ার ছরোয়ার সুমনের সাথে গোপীনাথপুর গ্রামের আবু সাইদ মোল¬ার মেয়ে মাহমুদা সুলতানা পলির ২০১১ সালে বিয়ে হয়। নির্যাতিত ওই গৃহবধূ অভিযোগ করে বলেন, ’বিয়ের কিছুদিন পরে যৌতুকলোভী স্বামী চাকরির কথা বলে আমার পরিবার থেকে নগদ সাড়ে তিন লাখ টাকা নেন। এরপর মোটরসাইকেল কেনার জন্য ১ লাখ টাকা এবং চাকরির জন্য আরো ৫০ হাজার টাকা নেন’। গত ৬ বছর ধরে স্বামী-স্ত্রী দু জনে ঢাকায় বেসরকারি কোম্পানিতে চাকরির সুবাদে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। লোহাগড়ায় হঠাৎ এসে গত ৩১ জানুয়ারি শাহরিয়ার ছরোয়ার সুমন চরমল্লিকপুর এলাকায় টুম্পা নামে এক মেয়েকে বিয়ে করেন। স্বামী আবার বিয়ে করেছেন এ খবর পেয়ে গত ১ ফেব্রুয়ারি মাহমুদা সুলতানা পলি ঢাকা থেকে বাপের বাড়িতে চলে আসেন। ২ ফেব্রুয়ারি দোয়ামল্লিকপুর গ্রামে শ^শুর বাড়িতে গিয়ে স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে কথা বলায় ঘরের মধ্যে ও উঠানে ফেলে শ^শুরের উপস্থিতিতে শাশুড়ি পেয়ারা বেগম ও ননদ সীমা লাঠি ও লোহার রড দিয়ে গৃহবধূকে বেদম মারপিট এবং রান্না করা বটি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন। স্থানীয় লোকজন মাহমুদার চিৎকারে ছুটে এসে তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে এনে ভর্তি করে। লোহাগড়া থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, ’এ ঘটনায় মাহমুদা সুলতানা পলি বাদী হয়ে মঙ্গলবার স্বামীসহ চারজনের নামে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে স্বামী শাহরিয়ার ছরোয়ার সুমন ও তার পিতা ইদ্রিস মোল¬াকে গ্রেফতার করে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।





