খেলার খবর

নান্দনিক টেলর, ৩৪৭ করেও হারল ভারত
স্পোর্টস ডেস্ক॥ টি-টোয়েন্টি সিরিজের স্মৃতি ভুলে যান। হ্যামিল্টনের সেডন পার্কে ভারতের বিপক্ষে বুধবার নিউজিল্যান্ডের দাপুটে জয় আপনাকে এই বার্তাই দেবে। রস টেলরের অপরাজিত সেঞ্চুরিতে যেখানে ৩৪৮ রান তাড়া করে জয় তুলে নিল কিউইরা। সেটিও ৪ উইকেট ও ১১ বল হাতে রেখে। টেলর খেললেন অপরাজিত ১০৯ রানের নান্দনিক এক ইনিংস। যাতে বৃথা গেল শ্রেয়াস আয়ারের সেঞ্চুরি। টি-টোয়েন্টি সিরিজে ৫-০ তে হোয়াইটওয়াশ হলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ড এগিয়ে গেল ১-০ তে। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৩৪৭ রানের পুঁজি গড়ে ভারত। শ্রেয়াস আয়ার ১০৭ বলে ১১ চার ও ১ ছক্কায় করেন ১০৩ রান। অপরাজিত ৮৮ রানের ইনিংস খেলেন লোকেশ রাহুল। ৬৪ বলে ৩ চার ও ৬ ছক্কায় ঝোড়ো ইনিংসটি খেলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বাধিক ২ উইকেট নেন টিম সাউদি। পাহাড় লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে হেনরি নিকোলস ও মার্টিন গাপটিল ৮৫ রান যোগ করেন। ১৬তম ওভারে গাপটিলকে (৩২) ফিরিয়ে দলকে ব্রেক থ্রো এনে দেন শার্দুল ঠাকুর। টম ব্লান্ডেল ও নিকোলসের দ্বিতীয় উইকেট জুটি ২৪ রানের বেশি করতে পারেনি। ২০তম ওভারে ব্লান্ডেলকে (৯) ফিরিয়ে দেন কুলদীপ যাদব। নিকোলস এরপর চারে নামা টেলরের সঙ্গে জুটি বাঁধেন। তৃতীয় উইকেটে ৬২ রান যোগ করেন এই দুজন। ২৯তম ওভারে রান আউটে কাটা পড়েন নিকোলস। ৮২ বলে ১১ চারে ৭৮ রান করেন তিনি। এরপর চতুর্থ উইকেটে টেলর ও টম ল্যাথামের ১৩৮ রানের জুটি। যে জুটি ভারতকে ছিটকে দেয় ম্যাচ থেকে। ৪৮ বলে ৬৯ রান করে ল্যাথাম ফেরেন কুলদীপের শিকার হয়ে। ৮ চার ও ২ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। তবে ৪২তম ওভারে ল্যাথাম যখন ফিরলেন ততক্ষণে নিউজিল্যান্ডের স্কোর বোর্ডে ৩০৯ রান উঠে গেছে। জয়ের বন্দরে নোঙর করতে আরো দুই উইকেট হারাতে হয়েছে কিউইদের। জিমি নিশাম ৯ ও কলিন ডি গ্র্যান্ডহোম ১ রান করে ফেরেন। মিচেল স্যান্টনারকে (১২) নিয়ে জয়ের বাকি কাজ সারেন টেলর। ওয়ানডে ক্যারিয়ারে ২১তম সেঞ্চুরি তুলে নেওয়ার পথে টেলর দলকে শুধু জয়ই এনে দেননি। খেলেছেন দারুণ সব শট। ৮৪ বলে ১০ চার ও ৪ ছক্কায় নিজের ইনিংস সাজিয়েছেন। ম্যাচসেরাও হয়েছেন তিনি। অকল্যান্ডে শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

ইসলামাবাদে পৌঁছেছে বাংলাদেশ দল
স্পোর্টস ডেস্ক॥ দ্বিতীয় ধাপের সফরে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার সকালে মুমিনুল হক নেতৃত্বাধীন দল ইসলামাবাদে পৌঁছায় বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। আপাতত ইসলামাবাদের একটি হোটেলে অবস্থান করছেন তারা। এবারের সফরে পাকিস্তানের সঙ্গে একটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে শুক্রবার শুরু হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত ম্যাচটি। গত মাসে প্রথম ধাপের সফরে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। সিরিজে ২-০ ব্যবধানে হারে মাহমুদউল্লাহ রিয়াদের দল। অপর ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়। টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল একটি চাটার্ড বিমানে সরাসরি পাকিস্তানে গেলেও এবার তা হয়নি। কাতার এয়ারওয়েজের একটি বিমানে চরে মঙ্গলবার সন্ধ্যায় দেশ ছাড়ে টাইগাররা। কাতারে যাত্রা বিরতি নিয়ে ইসলামাবাদে পৌঁছায় তারা। পাকিস্তানে বাংলাদেশের তৃতীয় দফার সফর এপ্রিলে। ৩ এপ্রিল করাচিতে একটি ওয়ানডে খেলবে দুই দল। তারপর একই শহরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আরেকটি টেস্ট ৫ এপ্রিল থেকে।

নিষ্প্রাণ ফুটবলে আবাহনীর ড্র
স্পোর্টস ডেস্ক॥ দুই দফা পিছিয়ে পড়ার পর সমতা ফেরাল আবাহনী। ওই দুই গোল ছাড়া ম্যাচ জুড়ে নিষ্প্রাণ খেলে মালদ্বীপের দল মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী দলটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডের প্লে-অফের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগের ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়। এই ড্রয়ে গ্রুপ পর্বে ওঠার প্লে-অফ রাউন্ডে খেলা কঠিন হয়ে গেল আবাহনীর। আগামী ১২ ফেব্রুয়ারি মাজিয়ার মাঠে হবে ফিরতি লেগ। প্লে-অফে যেতে হলে দ্বিতীয় লেগে ৩-৩ ড্র বা জিততে হবে আবাহনীকে। অবশ্য এএফসি কাপে নিজেদের মাঠে অজেয় যাত্রা ধরে রাখল আবাহনী। গতবার নিজেদের মাঠে খেলা চার ম্যাচের সবগুলো জিতেছিল মারিও লেমোসের দল। শুরুর দিকে দুই দলের খেলায় ছিল না আক্রমণের ধার। ষোড়শ মিনিটে জীবনের ব্যাকপাস থেকে বল পেয়ে যান কর্নেলিয়াস এজেকিয়েল। মেলসন, সাদউদ্দিনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে মাজিয়ার এই ফরোয়ার্ডের নেওয়া শট ফেরান গোলরক্ষক শহীদুল আলম সোহেল। ৩২তম মিনিটে প্রথম আক্রমণ করে আবাহনী। ডান দিক থেকে মামুনুল ইসলামের কর্নারে নাইজেরিয়ান ফরোয়ার্ড চিজোবার হেড পোস্টে লেগে ফিরে। সাত মিনিট পর শেষ দিকে ডি-বক্সের ঠিক ওপর থেকে মেলসন আলভেসের বুলেট গতির ফ্রি কিক পাঞ্চ করে ফেরান মাজিয়া গোলরক্ষক। ৪০তম মিনিটে প্রতিআক্রমণ থেকে গোল হজম করে আবাহনী। দুই ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে বল নিয়ে বেরিয়ে যাওয়ার পর ডি-বক্সে ক্রস বাড়ান ইব্রাহিম হাসান। হেডে জাল খুঁজে নেন গ্রানাডার ফরোয়ার্ড এজেকিয়েল। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতার স্বস্তি ফেরে আবাহনীর তাবুতে। রায়হানের ক্রস বুক দিয়ে নামিয়ে বাঁ পায়ের জোরালো ভলিতে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মেলসন আলভেস। ৬১তম মিনিটে হাইতির ফরোয়ার্ড কেরভেন্স ফিলস বেলফোর্টের ক্রসে লাফিয়ে উঠেও বলে মাথা ছোঁয়াতে পারেননি গোলমুখে থাকা জীবন। চার মিনিট পর ফের গোল হজম করে আবাহনী। হাসান নাইজের দূরপাল্লার শট শহীদুল ফিস্ট করার পর এজেকিয়েল ফিরতি শটে লক্ষ্যভেদ করেন। ৭৩তম মিনিটে কর্নারের পর ডি-বক্সের ভেতর থেকে বেলফোর্টের শট গোললাইন থেকে ফেরান মাজিয়া অধিনায়ক মোহামেদ ইরফান। একটু পর সোহেল রানার শট অল্পের জন্য পোস্টের বাইরে যায়। ৮০তম মিনিটে রায়হানের থ্রো ইনে বেলফোর্ট টোকা দেওয়ার পর চিজোবা প্লেসিং শটে সমতা ফেরান। বাকিটা সময় আর প্রতিশোধ নেওয়া গোলের দেখা পায়নি আবাহনী। ২০১৭ সালে এএফসি কাপের গ্রুপ পর্বে মাজিয়ার কাছে দুই পর্বেই হেরেছিল তারা।

ভাগ