লোকসমাজ ডেস্ক ॥ লিগ ওয়ানে শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়েছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। নঁতেকে ২-১ গোলে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। শেষ ৬ ম্যাচে স্কোরশিটে নাম তুলতে পারেননি মাউরি ইকার্দি। আর্জেন্টাইন স্ট্রাইকার সেই খরা কাটিয়েছেন প্রথমার্ধে। ২৯ মিনিটে পিএসজিকে এগিয়ে নিয়েছেন। তবে গোলটি হয়েছে অ্যাঙ্গেল ডি মারিয়ার কল্যাণে! তার নেওয়া শটই ইকার্দির গায়ে লেগে জড়িয়েছে জালে। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে দ্বিতীয় গোলটি করেন থিলো খেরা। ৬৮ মিনিটে অবশ্য মসেস সিমোন নঁতের হয়ে একটি গোল শোধ দিয়েছেন। আগের ম্যাচে মঁপেলিয়েরের বিপক্ষে বদলি হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন এমবাপ্পে। এই ম্যাচে ফরাসি তারকা ইকার্দির সঙ্গেই মাঠে নেমেছিলেন। চোট আক্রান্ত হওয়ায় নেইমার এই ম্যাচে ছিলেন না। ২৩ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে পিএসজি। ১৫ পয়েন্টের ব্যবধান রেখে শীর্ষস্থান আরও মজবুত করেছে তারা। দুইয়ে অবস্থান মার্সেইর। ২২ ম্যাচে তাদের সংগ্রহ ৪৩ পয়েন্ট।





