খুলনা প্রতিনিধি ॥ খুলনায় ১৪২ পিস ইয়াবাসহ বাগেরহাটে কর্মরত এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। খুলনা মহানগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বুধবার (৫ ফেব্রুয়ারি) তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার পুলিশ সদস্যের নাম মো. আকাশ রহমান (৩৫)। তিনি বাগেরহাট জেলার ফকিরহাট থানার বাহিরদিয়া পুলিশ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত আছেন। তার কনস্টেবল নম্বর-৪১৫। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর খুলনা ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে খুলনা সার্কিট হাউজ মাঠ সংলগ্ন শাহীন আবাসিক হেটেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হোটেলের চতুর্থ তলার ৪৬ নম্বর কক্ষ থেকে পুলিশ কনস্টেবল মো. আকাশ রহমানকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। খুলনা সদর থানার অফিসার ইনচার্জ আসলাম বাহার বুলবুল জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।





