মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুরে একরাতে ৫ দোকানে চুরি হয়েছে। এ সময় এলাকাবাসী সোহেল হোসেন (২২) নামের এক চোরকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। জানা যায, সোমবার দিবাগত রাতে মহেশপুর সদরের মেহেদী সাইকেল স্টোর, মেসার্স আর এন্ড সন্স ও ভালাইপুর বাজারের ফিরোজ, মামুন ও পারভেজের দোকানের তালা ভেঙ্গে নগদ টাকা ও মালামাল নিয়ে যায় চোরেরা। এর মধ্যে ভালাইপুর গ্রামের লোকজন চুরির ঘটনা টের পেয়ে সোহেল নামে একজনকে ধরে ফেলেন। সে মহেশপুর পৌর এলাকার বেগমপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। পরে গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। মেহেদী সাইকেল স্টোরের মালিক আলমগীর জানান, চোরেরা তার দোকানের পাঁচটি তালা ভেঙ্গে ৩৮ হাজার টাকা নিয়ে গেছে। মহেশপুর থানা পুলিশের ওসি (তদন্ত) আমানউল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহত অবস্থায় চোর সোহেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।





