ফুলতলা (খুলনা) অফিস ॥ খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিষয়ক ডাক্তার উত্তম কুমার দেওয়ানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এদিকে ছুরিকাঘাতকারী উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মহাসিন গাজী (৩৫) কে আসামি করে মামলা হওয়ায় মঙ্গলবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহম্মাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ডাক্তার, নার্স ও স্টাফদের পৃথক পৃথক বক্তব্য গ্রহণ করেন।
হাসপাতাল সূত্র জানায়, সোমবার সকালে কমপ্লেক্সের নিজকক্ষে বসে জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. উত্তম কুমার দেওয়ান রোগী দেখার সময় সদ্য বদলিকৃত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মহাসিন গাজী তাকে ছুরিকাঘাত করেন। এ সময় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার উন্নত চিকিৎসার জন্য গতকাল ঢাকায় স্থানান্তর করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ কামাল হোসেন বাদী হয়ে মহাসিন গাজীকে আসামি করে ফুলতলা থানায় মামলা করেন।
তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) উজ্জ্বল দত্ত বলেন, ’ঘটনার স্বীকারোক্তি ও আলামত জব্দ করায় মহাসিন গাজীকে রিমান্ড আবেদন ছাড়াই জেলহাজতে প্রেরণ করা হয়েছে’। এদিকে খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহম্মাদ গতকাল দুপুর পৌনে ১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন। তিনি ডা. শেখ কামাল হোসেনসহ ৪ ডাক্তার, ২ নার্স ও ২ জন কর্মচারীর সাথে কথা বলেন এবং তাদের লিখিত বক্তব্য গ্রহণ করেন। পরে তিনি ডাক্তারদের সাথে মতবিনিময়কালে এলাকাবাসীর স্বাস্থ্যসেবায় সকলকে ঐক্যবদ্ধভাবে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।





