যশোরে সোনা চোরাচালান মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥ যশোরে সোনা চোরাচালান মামলায় আব্দুর রহিম ওরফে লালচাঁন (২১) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার যশোরের সিনিয়র দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ রায় প্রদান করেন। আসামির অনুপস্থিতিতে রায় প্রদান করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, যশোরের শার্শা উপজেলার পুটখালী বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. আবু সিদ্দিকের নেতৃত্বে একটি টিম ২০১৮ সালের ১৪ নভেম্বর বিকেল তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় পুটখালী পূর্বপাড়ার মশিয়ার রহমানের বাড়ির সামনের রাস্তা থেকে আব্দুর রহিম ওরফে লালচাঁন নামে ওই যুবককে আটক করেন বিজিবি সদস্যরা। তিনি পুটখালী পূর্বপাড়ার মো. ইউসুফের ছেলে। পরে তার স্বীকারোক্তিতে প্যান্টের পকেট থেকে সোনার ১২ পিস বার উদ্ধার করা হয়। এছাড়া লালচাঁন বিজিবিকে আরো জানান যে, তিনি পুটখালী পূর্বপাড়ার মোরশেদের ছেলে মন্টু মিয়া ও মৃত তাহাজ্জত মোড়লের ছেলে কামাল হোসেনের সহায়তায় সোনার বারগুলো ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন। পরে এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে আটক লালচাঁনকে আসামি করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর ১ (এ) ধারায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করা হয়। মামলাটি তদন্তের দায়িত্ব পান থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) সৈয়দ মো. আলমগীর হোসেন। তিনি তদন্ত শেষে লালচাঁনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় আসামি লালচাঁন দোষী সাব্যস্ত হওয়ায় বিচারক তাকে উল্লিখিত দ- প্রদান করেন। এছাড়া রায় ঘোষণার সময় আসামি লালচাঁন অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

ভাগ