স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুর পৌর এলাকার সাবদিয়ায় পূর্বশত্রুতার জের ধরে এক কাউন্সিলরের ছেলের নেতৃত্বে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যাংক কর্মকর্তা রাশিদা বেগম বাদী হয়ে ৩ জনের নামে কেশবপুর থানায় অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, পৌর এলাকার সাবদিয়া গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রাশিদা খাতুনের সাথে এলাকার কাউন্সিলর জামাল উদ্দীনের ছেলে শাহিন ও ভাগ্নে হাসানের পূর্বশত্রুতা চলে আসছিল। হাসান ও শাহিন এলাকার সন্ত্রাসী প্রকৃতির লোক। তারা এলাকার নীরিহ লোকজনদের কারণে-অকারণে ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়ে থাকে। এরই জের ধরে গত ২২ জানুয়ারি গভীর রাতে হাসান ও শাহিনের নেতৃত্বে ৫/৬ জন যুবক ব্যাংক কর্মকর্তা রাশিদা খাতুনের বাড়ির মেইন গেটের কলিং বেল বাজাতে থাকে। এ সময় শাহিদা খাতুন তাদের চিনতে পেরে কলিং বেল বাজানোর কারণ জানতে চাইলে একপর্যায়ে তারা বাড়ির দুটি জানালার থাই গ্লাস ভাঙচুর করে ২২ হাজার টাকার ক্ষতি সাধন করে ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়ে চলে যায়। এ ঘটনায় ২৩ জানুয়ারি রাশিদা বেগম বাদী হয়ে সাবদিয়া গ্রামের হাসান, আব্দুস সালাম ও শাহিনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। কেশবপুর থানার উপ-পরিদর্শক অনুপম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।





