ভোটে মানুষের অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয় : কাদের

লোকসমাজ ডেস্ক॥ ভোটের রাজনীতির প্রতি মানুষের আগ্রহ কমে যাওয়া গণতন্ত্রের জন্য শুভ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ঢাকার দুই সিটি নির্বাচনে দেশের ইতিহাসে কম ভোট পড়ার বিষয়টি কীভাবে মূল্যায়ন করছেন- এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘মূল্যায়ন করার জন্য আমরা ওয়ার্কিং কমিটির মিটিং করব। প্রধানমন্ত্রী দেশে ফিরে এলে এই মিটিং হবে।’ তিনি বলেন, ‘নেত্রীর সঙ্গে আমার পরশু দিন ফোনে যখন কথা হয়, তিনি আমাকে বলেছিলেন ওয়ার্কিং কমিটির মিটিং করা জরুরি।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এটা ভাবনার বিষয়, আমাদের আওয়ামী লীগের এত জনসমর্থন, সেখানে আরও বেশি ভোট আশা করেছিলাম। আওয়ামী লীগের যে পার্সেন্টেজ সেই তুলনায় তো উপস্থিতি আশানুরূপ নয়।’ ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘দুই-তিন দিন ছুটি থাকার কারণেও অনেকে গ্রামের বাড়িতে চলে গেছেন। পরীক্ষার জন্য অনেকের বাচ্চা-কাচ্চা আছেন দেশে। হয়তো গ্রাামের বাড়িতে চলে গেছে। পরিবহন সংকটও কিছুটা দায়ী।’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিভিন্ন নির্বাচনে ভোটের প্রতি মানুষের অনীহার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সেতুমন্ত্রী বলেন, ‘এই যে ভোটটা হচ্ছে আগেভাগেই শঙ্কা তৈরি করা- এই সিস্টেম খারাপ, এই সিস্টেমে ভোট দেওয়া যাবে না। এই রকম অবস্থায় কিছু মানুষের আগ্রহ তো কমতেই পারে।’ ‘কারণ, ভোট সম্পর্কে অপপ্রচারটা অনেক বেশি হয়েছে। সরকারি দলের ভয়ংকর প্রস্তুতি, বিরোধী দলও সতর্ক পাহারায় থাকবে। তারা ঢাকার বাইরে থেকে লোক জড়ো করেছে- এ ধরনের ইনফরমেশনতো ছিলই’ যোগ করেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘রাজনীতির প্রতি মানুষের আগ্রহ আরও বেশি হওয়া উচিত। ভোটের রাজনীতির প্রতি মানুষের অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয়।’

ভাগ