লোকসমাজ ডেস্ক ॥ প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়ে ভারতীয় ক্রিকেটে আগমন পৃথ্বি শ’য়ের। ১৮ বছর বয়সেই টেস্ট অভিষেক। অভিষেক সিরিজেই দুই টেস্টে একটি সেঞ্চুরি আর একটি হাফসেঞ্চুরি। এমন শুরুর পর আর কি চাই! কিন্তু পৃথ্বি শ’য়ের স্বপ্নে বড়সড় এক ধাক্কা এর পরেই। ২০১৮ সালে ক্যারিবীয়দের বিপক্ষে ওই সিরিজটি খেলার পরই চোটের জাতীয় দল ছিটকে পড়েন। এরপর ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ হন এক বছরের জন্য। ফলে ওয়ানডে আর টি-টোয়েন্টি অভিষেক হয়নি। দীর্ঘদিন পর চোট কাটিয়ে টেস্ট দলে জায়গা ফিরে পেয়েছেন। এমন সুখবরের মধ্যে আরও একটি সুখবর পেলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও কপাল খুলতে যাচ্ছে পৃথ্বি শ’য়ের। রোহিত শর্মা চোটের কারণে হঠাৎ ছিটকে গেছেন। ফলে কিউইদের বিপক্ষে কাল (বুধবার) থেকে ওয়ানডে সিরিজে পৃথ্বির অভিষেক হবে, নিশ্চিত করে দিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। দলে আছেন লোকেশ রাহুল, যিনি আবার ওপেনার হিসেবেই পরিচিত। রোহিতের অনুপস্থিতিতে রাহুলকে দিয়ে ওপেনিং করানো হতে পারে, এমন অনুমান যারা করছেন, তাদের হতাশই করলেন কোহলি। ওয়ানডে সিরিজের টিম কম্বিনেশন নিয়ে কোহলি বলেন, ‘আমরা একই পরিকল্পনায় এগোব। লোকেশ মিডল অর্ডারে ব্যাট করবে। আমরা তাকে এই জায়গাতেই অভ্যস্ত করতে চাই, সেই সঙ্গে কিপিংয়ে।’





