শামসুল আলম খোকন, ফুলতলা (খুলনা) ॥ খুলনার ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার সকালে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মহাসিন গাজীর ছুরিকাঘাতে ডা. উত্তম কুমার দেওয়ান জখম হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় হাসপাতালের কর্মচারীরা হামলাকারী মহাসিন গাজীকে ছুরিসহ আটক করে পুলিশে সোপর্দ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. উত্তম কুমার দেওয়ান রুমে বসে রোগী দেখছিলেন। সকাল সোয়া ১০টার দিকে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মহাসিন গাজী (৩৫) ওই রুমে প্রবেশ করে ডা. উত্তম কুমার দেওয়ানকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এ হাসপাতালের কর্মচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরপরই হাসপাতালের ওয়ার্ড বয় মো. আশরাফ ও অ্যাম্বুলেন্স চালক মিরাজ হামলাকারী মহাসিন গাজীকে ছুরিসহ জাপটে ধরেন। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ কামাল হোসেন বলেন, গত ২০১৫ সালের ৩০ নভেম্বর উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে মহাসিন গাজী যোগদান করেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে দাপ্তরিক অভিযোগ থাকায় কর্তৃপক্ষ তাকে গত ৫ জানুয়ারি নড়াইল সদরের বাঁশখালী ইউনিয়ন সাব সেন্টারে বদলি ও ছাড়পত্র দেয়া হয়েছে। হাসপাতাল অফিস সূত্র জানায়, মহাসিন গাজী সার্ভিস বুক নিতে সোমবার সকালে হাসপাতালে আসেন। এখানে থাকাকালীন ডা. উত্তম কুমার দেওয়ান ও মহাসিন গাজী পাশাপাশি কক্ষে বসে রোগী দেখতেন। আগের মনোমালিন্যের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহম্মাদ বলেন, খুলনার পুলিশ সুপার ও নড়াইলের সিভিল সার্জনকে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ কামাল হোসেন মহাসিন গাজীর বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার দত্ত বলেন, প্রয়োজনীয় আলামত জব্দ ও আসামি আটক রয়েছে । মামলা প্রস্তুতি চলছে।





