খুলনায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোয় আটক ২

খুলনা ব্যুরো ॥ খুলনায় প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষার রেজাল্ট পরিবর্তনের গুজব সৃষ্টিকারী প্রতারক চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৬ এর একটি দল। সোমবার দুপুরে র‌্যাব-৬ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় এসএসসি পরীক্ষা ২০২০ সহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সক্রিয় সদস্যরা মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক আইডি ব্যবহার করে প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষার রেজাল্ট পরিবর্তনের গুজব সৃষ্টির মাধ্যমে অর্থ আত্মসাতের চক্রান্ত করছে মর্মে তথ্য পাওয়া যায়। এ ধরনের তথ্যের ভিত্তিতে রবিবার রাতে মেজর মো. আনিস-উজ-জামান এবং এএসপি মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি দল মহানগরীর সোনাডাঙ্গা থানার শেরে বাংলা রোড এলাকার সোলায়মান নগরের এ কে এম নাছির উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া বাগেরহাটের মোরেলগঞ্জের মো. নুরুজ্জামানের ছেলে মো. শাকিল মাহমুদকে (২০) আটক করা হয়। তার কাছে একটি ল্যাপটপ, ২টি মোবাইল ফোন ও ৩ টি সিমকার্ড পাওয়া যায়। পরে রাত ১টার দিকে নগরীর খানজাহান আলী থানার গিলাতলা মীরপাড়ার মো. সাইফুল ইসলামের ছেলে মো. সাইমন ইসলামকে (২০) আটক করা হয়। এ সময় তার কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায়।
র‌্যাব জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি তৈরি করে প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষার ফলাফল পরিবর্তনের গুজব সৃষ্টি এবং বিভিন্ন পরীক্ষার্থীর নিকট থেকে অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। আসামিদের সোনাডাঙ্গা এবং খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে।

ভাগ