বাগেরহাটে ট্রলি উল্টে চলকের সহযোগী ও ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে ইটবোঝাই ট্রলি উল্টে শেখ সাদি (১৫) নামের চালকের সহযোগী নিহত হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার কাঠিগোমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়কে ট্রলিটি উল্টে এ দুর্ঘটনা ঘটে। এ সময় শ্রমিক রায়হান মোল্লা (২০) গুরুতর আহত হন। নিহত শেখ সাদি খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটি গ্রামের এসহাক শেখের ছেলে। আহত রায়হান একই গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, কাঠিগোমতি সড়কে ইট নিয়ে যাওয়ার সময় ট্রলি উল্টে খাদে পড়ে যায়। এতে ট্রলির চালকের সহযোগী শেখ সাদি ও শ্রমিক রায়হান গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসকর্মীরা তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা সাদিকে মৃত ঘোষণা করেন। এদিকে বাগেরহাটে ট্রাকের ধাক্কায় জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এস আই) মো. রেজাউর রহমান নিহতের ঘটনায় ঘাতক ট্রাকের চালক শেখ তারিফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইসলামকাঠি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের আইয়ূব আলী শেখের ছেলে। এর আগে গেল বছরের ৮ ডিসেম্বর দুপুর ৩ টায় খুলনা-বাগেরহাট মহাসড়কের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি ট্রাকের ধাক্কায় ওই পুলিশ কর্মকর্তা নিহত হন। এ সময় পুলিশ ট্রাকটিকে জব্দ করলেও চালক পালিয়ে যায়। পরে ওইদিন রাতেই পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহতাব উদ্দিন বলেন, ট্রাকের চালক পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভাগ