ইটভাটা শ্রমিকের রহস্যজনক মৃত্যু

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরার এক ইটভাটা শ্রমিকের রাজধানী ঢাকায় রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম ফিরোজ ঢালি (৩২)। তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া গুচ্ছগ্রামের সাঈদুর ঢালির ছেলে। সহকর্মীরা তার মৃত্যুকে আত্মহত্যা বললেও স্বজনদের দাবি, ঢাকার ধামরাইয়ে একটি ইটভাটায় তাকে হত্যা করা হয়েছে। দেবহাটা থানা পুলিশের ওসি বিপ্লব কুমার সাহা বলেন, দেবহাটা এলাকার শ্রমিক সরদার বাবলু গুচ্ছগ্রামের ফিরোজ ঢালিসহ বেশ কয়েকজন শ্রমিককে সম্প্রতি চুক্তিভিত্তিক ঢাকার ধামরাইয়ে ইটভাটায় শ্রমিকের কাজ করার জন্য নিয়ে যান। গত রোববার সকালে ফিরোজ ঢালি অসুস্থ হয়ে পড়লে শ্রমিক সরদার বাবলু তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এরপর শ্রমিক সরদার বাবলু তার লাশ নিয়ে আসেন বাড়িতে। খবর পেয়ে পুলিশ সোমবার সকালে তার বাড়ি থেকে লাশটি নিয়ে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাাঠানো হয়। ময়নাতদন্তের রিপোটের পর প্রকৃত কারণ জানা যাবে। তবে, এ ঘটনায় শ্রমিক সরদার বাবলুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ভাগ