এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ৪ সদস্য আটক

লোকসমাজ ডেস্ক ॥ এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস, প্রতারণা ও গুজব সৃষ্টিকারী চক্রের সক্রিয় চার সদস্যকে পৃথক অভিযান চালিয়ে আটক করেছে র‌্যাব। রোববার সন্ধ্যা থেকে রাতভর অভিযান চালিয়ে রাজধানীর রামপুরা, গাজীপুর ও খুলনা থেকে তাদের আটক করা হয়। আটক ৪ জন হলেন- রামপুরার আল মাহমুদ (১৮), গাজীপুর আবু বক্কর সিদ্দিক (২৬), খুলনার সাইমন ইসলাম (২০) ও শাকিল মাহমুদ (২০)। সোমবার দুপুরে র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আটকরা কোনো প্রশ্ন ফাঁস করতে না পারলেও বিভিন্ন মেসেঞ্জার, ভাইবার এবং ইমু গ্রুপে প্রশ্নফাঁসের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। একেকজন দেড় থেকে দুই লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার তথ্য রয়েছে। অভিযানে আটকদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে তাদের সঙ্গে জড়িত বাকিদেরও আটক অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া ফেনী ও শেরপুর প্রশ্নফাঁস চক্রে র ২ সদস্যকে আটক করা হয়েছে।

ভাগ