লোকসমাজ ডেস্ক॥ সিরিয়া ও তুরস্কের মধ্যে তুরস্কের প্রতিশোধমূলক হামলায় সিরিয়ার সরকারি বাহিনীর অন্তত ছয় সেনা নিহত হয়েছেন। সোমবার তুর্কি সীমান্ত-সংলগ্ন সিরিয়ার ইদলিব প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে এই হামলা চালায় তুরস্ক। এর আগে প্রদেশটিতে সিরিয়ার সরকারি বাহিনীর এক হামলায় অন্তত চার তুর্কি সেনা নিহত হয়। সিরিয়ায় যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ বিষয়ক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ইদলিবে তুরস্কের হামলায় আহত হয়েছে সিরিয়ার আরো ২০ সরকারি সেনা। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান হামলাটিকে সিরিয়ায় তুরস্কের ‘চলমান অভিযান’ হিসেবে আখ্যায়িত করেছেন। অবশ্য তিনি দাবি করেছেন, হামলায় ৩০ থেকে ৩৫ সিরীয় সেনা মারা গেছেন। দুই পক্ষের এই দ্বন্দ্বে রাশিয়াকে হস্তক্ষেপ না করতে আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার সকালেই ইদলিবে হামলা চালানোর ব্যাপারে রাশিয়াকে অবহিত করেছে তুর্কি।
প্রসঙ্গত, বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়া সরকারকে সহায়তা করছে রাশিয়া।
সিরিয়া ও তুরস্কের মধ্যে এধরনের সংঘাত বিরল। এতে আন্তর্জাতিক পরিম-লে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে বিদ্রোহীদের কাছ থেকে ইদলিব পুনর্দখলে হামলা জোরদার করেছে সিরিয়া ও রাশিয়া। এর মাঝে তুরস্কের সঙ্গে সিরিয়ার সংঘাত পরিস্থিতিকে আরো বিপজ্জনক দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিরিয়ায় বেশকিছু বিদ্রোহীদের সমর্থন দেয়ার অভিযোগ রয়েছে তুরস্কের ভেতরে। দেশটির উত্তরাঞ্চলে গত বছর আগ্রাসন চালায় তুরস্ক। নিজেদের সীমান্ত নিরাপদ করার নামে দেশটির ভেতরে ঢুকে হামলা চালায় তুর্কি সেনারা। এখনো সেখানে তাদের সেনা মোতায়েন অব্যাহত রয়েছে।





