কেশবপুরে দুবর্ৃৃত্তদের দেয়া আগুনে পুড়ল বরজের লক্ষাধিক টাকার পান

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোরের কেশবপুরে কোমরপোল গ্রামে এক কৃষকের পানের বরজে দুর্বৃত্তরা আগুন দিয়ে লক্ষাধিক টাকার পান পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বরজ মালিক হাসান আলী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৪ সালে কোমরপোল গ্রামের মোবারেক মোড়লের ছেলে হাসান আলী গ্রামের গাজীপাড়া মাঠে ৩২ শতক জমিতে বরজ করে পান চাষ করে আসছেন। ওই বরজের পান বিক্রি করে তার সংসার চলে। গত শনিবার সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা তার পানের বরজে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় বরজ মালিক লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হন। বরজ মালিক হাসান আলী জানান, গাজী পাড়া মাঠে দেড় শ কৃষকের শতাধিক পানের বরজ রয়েছে। আগুন নিয়ন্ত্রণে না আসলে মাঠের সব বরজের পান পুড়ে যেত। ইতঃপূর্বে গত ২৭ জানুয়ারি দুর্বৃত্তরা তার গ্রামের জিয়ারুল শেখের পানের বরজে অনুরূপভাবে আগুন দিয়ে ক্ষতিসাধন করে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু সাঈদ বলেন, পানের বরজে আগুন লাগানোর ঘটনায় অভিযোগ হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেয়া হবে।

ভাগ