স্টাফ রিপোর্টার ॥ যশোর উপশহরে চুরি ও ছিনতাইসহ নানা অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে রোববার এক কিশোরীকে (১৪) ধরে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। পরে আদালতের মাধ্যমে তাকে ঢাকা আহছানিয়া মিশনের শেল্টার হোমে পাঠিয়েছে পুলিশ।
উপশহর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই এইচএমএ লতিফ জানান, দুপুরে উপশহর ডি-ব্লক এলাকা থেকে স্থানীয় লোকজন ওই কিশোরীকে আটক করে পুলিশে দেন। তারা এ সময় কিশোরীর বিরুদ্ধে অভিযোগ করেন যে, সে প্রতিনিয়ত চুরি ও ছিনতাই করে বেড়ায়। কিশোরীর পরিবার গরীব। এ কারণে সে অপরাধে জড়িয়ে পড়েছে। কয়েকদিন আগে এলাকায় একটি বাইসাইকেল চুরি হয়ে যায়। এ ঘটনার সাথে সে জড়িত। তিনি আরো জানান, আটক কিশোরীকে নিরাপদ হেফাজতে পাঠানোর জন্য পরে তাকে আদালতে সোপর্দ করা হয়। এ সময় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম তাকে ঢাকা আহছানিয়া মিশনের সেল্টার হোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন।




