স্টাফ রিপোর্টার ॥ যশোরে যৌতুকের জন্য স্ত্রী সালেহা খাতুন সোনিয়া হত্যা মামলায় আটক বিতর্কিত আইনজীবী আমির হোসেন আদালত থেকে জামিন পেয়েছেন। রোববার জেলা জজ আদালতের বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিক তার জামিন মঞ্জুর করেন।
সদর উপজেলার ডহেরপাড়ার বাড়ি থেকে গত ২ নভেম্বর রাতে আমির হোসেনের স্ত্রী সালেহা খাতুন সোনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোনিয়াকে যৌতুকের দাবিতে মারধর এবং গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে হত্যার অভিযোগ এনে কোতয়ালি থানায় মামলা করা হয়। সোনিয়ার পিতা সিরাজুল ইসলাম জামাই আমির হোসেনকে আসামি করে মামলাটি করেন। পরে পুলিশ আমির হোসেনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গত ১৪ জানুয়ারি পুলিশ আদালতে সোনিয়ার ময়নাতদন্তের রিপোর্ট দাখিল করে। ময়নাতদন্তের রিপোর্টে সোনিয়ার শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকার কথা উল্লেখ করে আত্মহত্যাজনিত কারণে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। এরপর রোববার আবেদনের প্রেক্ষিতে আদালত আমির হোসেনের জামিন মঞ্জুর করেন।




