ডিল অব দ্যা সেঞ্চুরি: সৌদিসহ আরব দেশগুলোর সমালোচনা করলেন এরদোগান

লোকসমাজ ডেস্ক॥ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েফ এরদোগান। এ নিয়ে নিরবরতার জন্য আরব রাষ্ট্র ও মুসলিম নেতাদের সমালোচনাও করেন তিনি। বলেন, সৌদি আরব বেশিরভাগ ক্ষেত্রেই নীরব। তারা কখন কথা বলবে? ওমান, বাহরাইন, আবুধাবিরও সমালোচনা করেন এরদোগান। তিনি আরও বলেন, এমনকি আরব নেতারা সেখানে গিয়ে পশ্চিমাদের প্রশংসা করেন। আপনাদের প্রতি লজ্জা। আরব দেশগুলো এ জাতীয় পরিকল্পনাকে সমর্থন করে জনগণ, জেরুজালেম এবং মানবতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।
শুক্রবার তুরস্কের রাজধানী আঙ্কারায় এক বৈঠকে এসব কথা বলেন এরদোগান। তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
এতে বলা হয়, আরব নেতাদের সমালোচনা করে এরদোগান প্রশ্ন তুলেন, আপনারা আর কখন কণ্ঠ তুলবেন? ফিলিস্তিন ও জেরুজালেম ইস্যুটি সব মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি। হুশিয়ারি দিয়ে বলেন, এখন যদি আল-আকসা মসজিদ রক্ষা করা না যায় তাহলে ভবিষ্যতে তারা কাবাকে লক্ষ্যবস্তু করলে তখনো প্রতিরোধ করা যাবে না। জেরুজালেম আমাদের জন্য সতর্কবার্তা।

ভাগ