পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় টাকা লেনদেনকে কেন্দ্র করে মারামারি ঠেকাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ইউপি মেম্বার টি. এম হাসানুজ্জামান (৪০)। গত রোববার ঘটনাটি ঘটেছে লস্কর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। অভিযোগে জানা যায়, এদিন বেলা ১২ টায় ওই ইউনিয়ন পরিষদে আলমতলা গ্রামের বাচ্চু সানার ছেলে রিপন সানা ও শরিফুল ইসলাম খোকন সানার ছেলে দিদারুল সানার সাথে টাকা লেনদেন নিয়ে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে তারা মারামারিতে লিপ্ত হন। এ সময় ইউপি মেম্বার টি. এম হাসানুজ্জামান তাদের ঠেকানোর চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে রিপন ও দিদারুল মেম্বার হাসানুজ্জামানের ওপর চড়াও হন এবং বেধড়ক মারপিট করেন। ফলে তিনি গুরুতর আহত হন। তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ইউপি মেম্বার হাসানুজ্জামান পাইকগাছা থানায় রিপন ও দিদারুলের বিরুদ্ধে এজাহার দাখিল করেছেন। ওসি এমদাদুল হক শেখ জানান, ‘অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’





