স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ যশোরের মনিরামপুরে শুক্রবার গভীর রাতে বিলের মধ্যে দুর্বৃত্তদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে দুই কৃষক জখম হয়েছেন। মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধারের পর প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গুলিবিদ্ধরা হলেন উপজেলার শ্রীপুর গ্রামের মোহাম্মদ গাজীর ছেলে জাহিদুল ইসলাম এবং মৃত আবু খাঁর ছেলে মনিরুল ইসলাম মনির। জাহিদুল এবং মনির সম্পর্কে শ্যালক-দুলাভাই। মনিরামপুর থানার এসআই দেবাশীষ মন্ডল এবং এলাকাবাসী জানান, জাহিদুল ইসলাম ও মনিরুল ইসলাম শুক্রবার রাতে শ্রীপুর গ্রামের সমনডাঙ্গা বিলে বোরো চাষের জন্য জমি থেকে পানি নিষ্কাশন করছিলেন। রাত
একটার দিকে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।
এ সময় জাহিদুল এবং মনির মাথা ও পেটে গুলিবিদ্ধ হন। গুলির শব্দ শুনে এলাকাবাসী এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার সকালে ওসি রফিকুল ইসলাম এবং পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শক শিকদার মতিয়ার জানান, ধারনা করা হচ্ছে শর্টগান থেকে তাদের লক্ষ্য করে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি করেছে। আর এতে জাহিদুল এবং মনির গুলিবিদ্ধ হয়। সেখান থেকে আলামত হিসেবে পুলিশ কয়েকটি গুলির খোসা উদ্ধার করে। নাম প্রকাশ না করার শর্তে এলাকার বেশ কয়েকজন জানিয়েছেন, কেশবপুর এলাকার মাসুদ হোসেন নামে এক ব্যক্তি সমনডাঙ্গা বিলে কৃষকদের কাছ থেকে লিজের মাধ্যমে জমি নিয়ে মৎস্যঘের করার জন্য বেশ কিছুদিন ধরে তৎপরতা শুরু করেন। জমি লিজ দেয়া নিয়ে মনির ও জাহিদুলের সাথে মাসুদের বাকবিতন্ডা হয়। তারই সূত্র ধরে এ ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারনা। তবে থানার ওসি রফিকুল ইসলাম জানান, তদন্তের পর প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে। এ ব্যাপারে এখনও কেউ মামলা করেনি।





