ফুলতলা (খুলনা) অফিস ॥ সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, জনগণের স্বাস্থ্য সেবার জন্য সরকার স্বাস্থ্য খাতে ব্যাপক বরাদ্দ বাড়িয়েছে। মেডিকেল কলেজসমূহেও প্রায় বিনা খরচে চিকিৎসক তৈরি করা হচ্ছে। চিকিৎসকদের ব্যবসায়িক মনোভাব পরিহার করে জনগণের স্বাস্থ্য সেবায় মনোযোগ দিতে হবে। শনিবার সকাল ১০টার দিতে খুলনার ফুলতলা উপেজলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শেখ কামাল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ আকরাম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার পারভীন সুলতানা, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন। এদিকে, হাসপাতাল পরিচালনা কমিটির মিটিং চলাকালে আরএমও ডা. মিজানুর রহমানের বদলির আদেশ স্থগিতের দাবিতে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মানববন্ধন পালন করা হয়। হাসপাতালের স্টাফ, স্থানীয় প্যাথলজি কর্মচারী ও এলাকাবাসী ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে নারায়ণ চন্দ্র চন্দ এমপির নিদের্শনায় হাসপাতালে বিরাজমান সমস্যা চিহ্নিতকরণ ও নিরসনকল্পে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।





