বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের খুলনা বিভাগীয় সম্মেলন যশোরে অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের খুলনা বিভাগীয় সম্মেলন যশোরে অনুষ্ঠিত হয়েছে। শনিবার যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সেমিনারকক্ষে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি ফজলুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম। সভায় বক্তারা তিনদফা দাবির কথা তুলে ধরেন। দাবি না মানলে খুলনা বিভাগ থেকেই কঠোর আন্দোলনে নামার ঘোষণা দেন তারা।
বক্তারা বলেন, অধঃস্তন আদালতে কর্মরত কর্মচারীরা বিচারকদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করে সহযোগিতা করেন। এমনও কাজ আছে যা তাদের নয়, তবুও তাদের দিয়ে অতিরিক্ত করানো হয়। অথচ তাদেরকে জুডিসিয়াল কর্মচারী হিসেবে মর্যাদা দেয়া হয় না। বিচারকদের সহায়ক কর্মচারী হিসেবে কর্ম সম্পাদন করা সত্ত্বেও স্বতন্ত্র বেতন স্কেলসহ সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয় তাদের। বিচার বিভাগে চাকরি করা সত্ত্ব্ েজনপ্রশাসনের কর্মচারী হিসেবে পরিচিতি দেয়া হচ্ছে। এ কারণে তাদের চরম পীড়াদায়ক পরিস্থিতির শিকার হতে হচ্ছে। এছাড়া তারা সকল ব্লক পদ বিলুপ্তসহ যুগোপযোগী পদ সৃজন ও পদোন্নতির সুযোগ রেখে অভিন্ন নিয়োগবিধি প্রণয়নের ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহবান জানান। যশোর জেলা কমিটির সভাপতি ও যশোর জজ আদালতের নাজির নূর হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম, ঝিনাইদহ জেলা কমিটির নেতা নাজির সোহেল রানা, কুষ্টিয়ার দায়িত্বপ্রাপ্ত তারিক আহম্মেদ রিংকু, মাগুরার বিকাশ কুমার ধর, নড়াইল জেলার আবুল কালাম আজাদ, সাতক্ষীরার আলীম মোল্লা, বাগেরহাটের অমিত রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির বিপ্লব আহম্মেদ।

ভাগ