বিভিন্ন দূতাবাস গর্হিত কাজ করেছে: প্রধানমন্ত্রী

লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশি নাগরিকদের বিদেশি পর্যবেক হিসেবে নিয়োগ দিয়ে বিভিন্ন দূতাবাস গর্হিত কাজ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শনিবার ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
বিভিন্ন দূতাবাসের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, তাদের দেশে ভোট কেমন হয় এ রকম কিছু কিছু নমুনা তো আমাদের জানা আছে। তবে একটা কাজ তারা ঠিক করেনি। বিভিন্ন দূতাবাসে বাংলাদেশের অনেক নাগরিক চাকরি করেন। তাদেরকে তারা বিদেশি পর্যবেক হিসেবে নিয়োগ দিয়েছেন এটা অত্যন্ত গর্হিত কাজ করেছেন। তাদেরকে তারা একজন বিদেশি পর্যবেক হিসেবে পাঠাতে পারেন না, সঠিক কাজ তারা করেননি। শেখ হাসিনা বলেন, এখানে অনেক ধরনের লোক আছে আমি তাদেরকে চিনি। কারও পিতা ১৫ আগস্টের হত্যাকাণ্ডের সহযোগী হিসেবে জড়িত ছিল; কেউ ছিল স্বাধীনতাবিরোধী যারা মুক্তিযুদ্ধের সময় গণহত্যা চালিয়েছে তাদের উত্তরসূরি- এ রকম বহু জন আছে। রাষ্ট্রদূতদের ওখানে তারা কাজ করে, থাকতে পারে কিন্তু তাদের নামও তারা তালিকায় দিয়েছে! বাংলাদেশিদের বিদেশি পর্যবেক হিসেবে নিয়োগ দেয়াটা নির্বাচন কমিশন কিভাবে গ্রহণ করে বলে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের আইনে স্পষ্ট দেয়াই আছে বিদেশি পর্যবেক মানে তাদের বিদেশি হতে হবে। বিদেশি না হয়ে কিভাবে নির্বাচন কমিশন তাদের নির্বাচনী পর্যবেক হিসেবে গ্রহণ করেছে আমি জানি না।

ভাগ