যশোরে নারী অপহরণ ও ভারতে নিয়ে হত্যার অভিযোগে আদালতে মামলা

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার নওদাগ্রামের আসমা ইসলাম নামে এক নারীকে অপহরণ ও ভারতের আবাসিক হোটেলে নিয়ে হত্যার অভিযোগে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার নিহতের ভাই ডাকাতিয়া গ্রামের বাসিন্দা আজিম উদ্দিন এ মামলা করেছেন। মামলায় শহরের পালবাড়ি এলাকার মৃত রশিদ মিয়ার ছেলে আব্দুল কাশেমকে আসামি করা হয়েছে।
আজিম উদ্দিনের অভিযোগ, ২৪ বছর আগে শাহানুর ইসলাম নামে এক ব্যক্তির সাথে তার বোন আসমা ইসলামের বিয়ে হয়। ২০১৭ সালের ৮ মার্চ তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে তার বোন আসমা ইসলাম সন্তানদের নিয়ে নওদাগ্রামের জনৈক মঞ্জু স্যারের বাড়িতে ভাড়া থাকতেন। আসমা ইসলামের সাবেক স্বামীর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আব্দুল কাশেম। এ কারণে কাশেম মাঝে মধ্যে আসমার বাড়িতে যাওয়া আসা করতেন। তার বোনকে প্রায় ভারতে বেড়াতে নিয়ে যেতেন কাশেম। এ সংবাদ জানতে পেয়ে আসমার খালা তাদের সাথে ভারতে চিকিৎসার জন্য যেতে চান। গত ১৫ জানুয়ারি তারা তিনজন ভারতে গিয়ে বনগাঁ শহরের শ্যামা প্রসাদ লজে ওঠেন। ১৬ জানুয়ারি সকালে আব্দুল কাশেম কাউকে কোনকিছু না হোটেল থেকে চলে যান। দুপুরে হোটেলের রুমের দরজা খুলে তার বোন আসলাম ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। পরে খোঁজখবর নিয়ে তিনি জানতে পেরেছেন, তার বোনকে কাশেম অপহরণ ও হত্যা করেছেন।

ভাগ