স্টাফ রিপোর্টার॥ যথাযোগ্য মর্যাদায় যশোরে হিন্দু ধর্মাবলম্বীদের নানা কর্মসূচির মধ্য দিয়ে বিদ্যার দেবী সরস্বতীর বন্দনা করলো শিক্ষার্থীরা। কর্মসূচির মধ্যে ছিল, পূজা অর্চনা, প্রসাদ বিতরণ, আলোচনা সভা, প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল বৃহস্পতিবার যশোর বড় বাজার সিদ্ধেশ্বরী কালিমন্দির, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, সরকারি এমএম কলেজ, সিটি কলেজ, মহিলা কলেজ, শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে সরস্বতী পূজার আয়োজন করে। সকাল সাড়ে ৮টায় প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় পূজা অর্চনা, প্রসাদ বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পূজা উপলক্ষে সন্ধ্যায় বড় বাজার সিদ্ধেশ্বরী কালিমন্দির মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আশরাফ হোসেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি এর আগে অনুষ্ঠিত কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেন মেডিকেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বাণী অর্চনা পরিষদের সভাপতি ডা. অজয় কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. গিয়াস উদ্দিন। বাণী অর্চনা পরিষদের সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষ, সহ-সভাপতি ডা. হিমাদ্রী শেখর সরকার, ডা. জয়ন্ত কুমার পোদ্দার প্রমুখ। কলেজে পূজার আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে, যশোর সরকারি এমএম কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সেখ আবুল কওসার। পূজা উপলক্ষে সরকারি সিটি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তোরাব মো. হাসান। সরকারি মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আহসান হাবিব।
এদিকে ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের আয়োজনে পূজা অর্চনা শেষে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন।
যশোর নার্সিং ইন্সটিটিউটের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী পূজা উদ্যাপন অনুষ্ঠানে অংশ নেন যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপ কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন নার্সিং ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত ইনচার্জ চায়না খাঁ। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পূজা উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের এডিসি প্রীতম সাহা। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লায়লা শিরিন সুলতানা। যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত পূজা উদ্যাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল গোলাম মোস্তফা, উপাধ্যক্ষ কল্যণ সরকার প্রমুখ। এছাড়া এমএসটিপি স্কুল এন্ড কলেজসহ অন্যন্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন মন্দিরে পূজার আয়োজন করা হয়।





