খেলা মিরপুরে, চোখ রাওয়ালপিন্ডিতে

0

লোকসমাজ ডেস্ক ॥ রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি। পাকিস্তানে প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগ নেই। তবে অনুশীলন ছাড়াই কঠিন সফরে যেতে হচ্ছে না। শুক্রবার শুরু হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ড অনুশীলন ঘাটতি পূরণের সুযোগ করে দিচ্ছে। বিসিএলের প্রথম রাউন্ডে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চল। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চলের প্রতিপক্ষ উত্তরাঞ্চল। ম্যাচ দুটো শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
প্রথম রাউন্ড খেলেই পাকিস্তানের পথে রওনা হবেন টেস্ট দলের সদস্যরা। প্রথম টেস্টের আগে একটি চার দিনের ম্যাচ খেলার সুযোগ পেয়ে খুশি পূর্বাঞ্চলের অধিনায়ক মুমিনুল হক, ‘প্রথম টেস্টের আগে অনুশীলনের চেয়ে ম্যাচ বেশি জরুরি ছিল। বিসিএলের ম্যাচটি টেস্টের আগে নিজেদের অবস্থান সম্পর্কে জানতে সাহায্য করবে আমাদের।’ মিরপুরে মধ্যাঞ্চলের হয়ে খেলবেন সাইফ হাসান, নাজমুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ। পূর্বাঞ্চলে টেস্ট অধিনায়ক মুমিনুল ছাড়াও আছেন তামিম ইকবাল, ইমরুল কায়েস, আবু জায়েদ রাহী, নাঈম হাসান, রুবেল হোসেন, তাইজুল ইসলাম। নিজের দলকে এগিয়ে রেখে মুমিনুলের মন্তব্য, ‘আমাদের তিন/চার জন টেস্ট বোলার যেমন আছে, তেমনি টেস্ট খেলার মতো তিন/চার জন ব্যাটসম্যানও আছে। আমাদের দলটা যথেষ্ট ব্যালান্সড।’ মধ্যাঞ্চলের অধিনায়ক নাজমুল হোসেনও দল নিয়ে আত্মবিশ্বাসী, ‘আমরা প্রত্যাশা অনুযায়ী দল পেয়েছি। টিম কম্বিনেশন খুব ভালো। প্রথম রাউন্ডের পর জাতীয় দলের খেলোয়াড়রা চলে যাবে। তবে এরপর যারা থাকবে তাদের নিয়েও ভালো করা সম্ভব।’ এবারের প্রতিযোগিতা জমজমাট হবে বলেই তার আশা, ‘প্রতি বছর বিসিএলে ভালো লড়াই হয়, এবারও হবে। এটা আমাদের ক্রিকেটের জন্যই ভালো। এই টুর্নামেন্টের সাফল্য ক্রিকেটারদের আত্মবিশ্বাসী করে তোলে।’