যশোরে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার চার্জশিট দাখিল

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ঘুরুলিয়া গ্রামে মাদ্রাসাছাত্রী (১৫) ধর্ষণ ঘটনায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। একমাত্র আসামি তাহিদ ইসলামকে (১৮) চার্জশিটে অভিযুক্ত করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নজরুল ইসলাম এই চার্জশিট দাখিল করেন। অভিযুক্ত তাহিদ ইসলাম ঘুরলিয়া উত্তরপাড়ার শাহিনুর ইসলামের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। অভিযুক্ত তাহিদ ইসলাম তার পূর্ব পরিচিত। গত ২৯ নভেম্বর রাতে ওই ছাত্রী তালবাড়িয়া গ্রামে ওয়াজ মাহফিল শুনতে যাওয়ার সময় পথে ঘুরুলিয়ায় তাহিদের সাথে তার দেখা হয়। এ সময় তাহিদ তাকে ফুঁসলিয়ে ঘুরুলিয়া গ্রামের একটি ধানক্ষেতের পাশে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোতয়ালি থানায় মামলা করা হয়। পরে পুলিশ অভিযুক্ত তাহিদকে আটক করে। আদালতে তাকে সোপর্দ করা হলে সে ধর্ষণ ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

ভাগ