‘মানষির (মানুষের) কাচ্তে পুরোনো শাড়ি-কাপড় চাইয়ে আইনে একসাথে করে গায় দিয়ে কোনরকমে শীত কাটাচি। ঠান্ডায় মইরে যাচ্ছি। তোমাগের দেয়া কম্বলডা গায় জড়ায়ে এবার এট্টু বাঁচতি পারবানে।’ যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকার ষাটোর্ধ্ব বৃদ্ধা আয়শা বিবি প্রথম আলোর কম্বল হাতে পেয়ে এভাবেই তার অনুভূতির কথা জানান। মঙ্গলবার দুপুরে প্রথম আলো যশোর আঞ্চলিক কার্যালয় ও শহরের ঘোপ ধানপট্টি এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ১০০টি কম্বল ও ১০০টি মশারি বিতরণ করা হয়। শহরের ঘোপ ধানপট্টি এলাকার হাজরি দাসী বলেন, ‘শিতির জ্বালায় হাত-পা কালায় যায়। কম্বলডা জড়াই ধরে একটু ওম পাবানে।’ মশারি হাতে পেয়ে সত্তর বছর বয়সী প্রবীণ ব্যক্তি মো. মহিউদ্দীন বলেন, ‘মশারি কিনার টাকা নেই। মাঝেমধ্যি রাত্তিরি কয়েল জ্বালাই শুই। তাতে মশা যায় না। সারারাত মশায় কামড়ি থাহে। এই মশারিডা টাঙায়ে শুলি এবার রাত্তির ভালো ঘুম হবে।’ কম্বল ও মশারি বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যশোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভা যশোরের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক লিটন সাঈদ, বন্ধুসভার বন্ধু কবীর চৌধূরী, সুমাইয়া সুমি, মিম আকতার, আয়াত হাসান, শাহিনুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি




