অশোক কুন্ডু, নড়াইল ॥ সুলতান মেলা-২০২০ এ সুলতান স্বর্ণ পদক পেলেন খ্যাতিমান চিত্রশিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফরিদা জামান। মেলার সমাপনী দিন সোমবার রাতে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে স্থানীয় সরকার, পলী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশবরেণ্য এই চিত্রশিল্পীকে সুলতান পদক প্রদান করেন। প্রতিমন্ত্রী বলেন, চিত্রশিল্পী এসএম সুলতান ছিলেন অসাম্প্রদায়িক নির্লোভ একজন মানুষ। তিনি দেশের জন্য যতটুকু দিয়ে গেছেন ততটুকু ব্যবহার করতে হবে। শিল্পী সুলতান চিত্রশিল্পে প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। তাঁর চিত্রকর্মে গ্রাম-বাংলাকে তুলে ধরেছেন। পদকপ্রাপ্ত শিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং ও পেইন্টিং বিভাগের অধ্যাপক ড. ফরিদা জামান বলেন, আমি সুলতান পদক পেয়ে খুবই গর্বিত। সুলতান বাঙালির অহঙ্কার।সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি আনজুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতান পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক ড. ফরিদা জামান, নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ,জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সুলতান ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসানুজ্জামান,শিল্পকলা একাডেমির কর্মকর্তা সুজন মাহমুদ প্রমুখ। বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৬ জানুয়ারি নড়াইলে ১২ দিনব্যাপী সুলতান মেলা শুরু হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এবারের মেলা উৎসর্গ করা হয়েছে। সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় ১২ দিনব্যাপী সুলতান মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশ ও বিদেশের ১১৮টি ছবি নিয়ে চিত্র প্রদর্শনী, ভারত,জিম্বাবুয়ে, নেপাল এবং দেশের ২০জন চিত্রশিল্পী নিয়ে আন্তর্জাতিক আর্ট ক্যাম্প, রচনা প্রতিযোগিতা, গ্রামীণ খেলাধুলা, সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।





