স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোর চৌগাছার পল্লীতে তুচ্ছ ঘটনায় গৃহবধূ সাথী খাতুনকে বেদম মারপিটের পাশাপাশি মাথার চুল কেটে দিয়েছেন প্রতিবেশীরা। আহত গৃহবধূকে চৌগাছা হাসাপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ৫ জনকে আটক করেছে। আহতের স্বজনসহ একাধিক সূত্র জানায়, এদিন বেলা ১১ টার দিকে চৌগাছা উপজেলার সলুয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী সাথী খাতুনের (২৫) সাথে প্রতিবেশীদের বাকবিতান্ডা হয়। এ সময় প্রতিবেশী গোলাম রব্বানীর ছেলে আব্দুস সালাম, কামাল হোসেন, জামাল হোসেন, হাসান আলী ও তাদের স্ত্রী-সন্তানরা মিলে সাথী খাতুনকে বেধম মারপিট করেন। একপর্যায়ে তারা গৃহবধূর মাথার চুল কেটে দেন। মারপিট ও মাথার চুল কাটার ঘটনাটি প্রতিবেশী আহাদ আলীর ছেলে ইমরান হোসেন মোবাইল ফোনে ধারণ করেন বলে জানান সাথী খাতুনের স্বজনরা। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এক সন্তানের জননী।
আহতের স্বামী রফিকুল ইসলাম জানান, ‘একটি মোবাইল ফোন চুরির ঘটনা নিয়ে প্রতিবেশীদের সাথে তাদের বিরোধ চলছিল। এরই জের ধরে তারা আকস্মিকভাবে আমার বাড়িতে হামলা চালায়। তারা সাথীকে একা পেয়ে নির্মমভাবে নির্যাতন চালিয়েছে।’ এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান রফিকুল ইসলাম। এদিকে থানা পুলিশের এসআই বিপ্লব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পর পাঁচজনকে আটক করা হয়েছে।





