ঢাকা সিটি নির্বাচন : নারী কাউন্সিলর প্রার্থীর অফিসে হামলা: বিএনপিকর্মী গুলিবিদ্ধ

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানীর ওয়ারী বনগ্রামে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে বিএনপি সমর্থিত নারী কাউন্সিলর প্রার্থীর অফিসে ঢুকে গুলি করার অভিযোগ উঠেছে। এতে গুলিবিদ্ধ একজনসহ তিনজনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে বিএনপি সূত্র জানায়। আহতরা হলেন, ওয়ারী থানা শ্রমিক দলের সহসাংগঠনিক সম্পাদক মো. শান্ত (৩০), বিএনপিকর্মী আরজু (৪০) ও শেখ রবিন (৪৫)। রবিবার বেলা আড়াইটার দিকে ওয়ারি বনগ্রাম ৩ নম্বর জুগিনগর লেনের ৩৮ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত নারী কাউন্সিলর প্রার্থীর অফিসে এ ঘটনা ঘটে বলে আহতরা জানান। আহত শেখ রবিন জানান, তাদের বাসা ওই এলাকায়। ৩৮ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী মেহেরুন্নছার সমর্থক তারা। দুপুরে কাউন্সিলের অফিসেই বসে ছিলেন ২০/২৫ জন। তখন হঠাৎ আওয়ামী লীগের কর্মীরা তাদের অফিসে ঢুকে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে পিস্তল দিয়ে গুলিও চালায় তারা। গুলিবিদ্ধ শান্ত অভিযোগ করে জানান, দুপুরে তাদের নির্বাচনি অফিসে যখন বসে ছিলেন তখন আওয়ামী লীগের লোকজন তাদের ওপর হামলা করে। তাদের মধ্যে একজন তার পায়ে ঠেকিয়ে গুলি চালায়। ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, ওয়ারী বনগ্রামের সংঘর্ষের ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে শান্তর বাম পায়ে একটি গুলি লেগেছে। আরজুর ডান পায়ে আঘাত আর রবিনের কপালে আঘাত রয়েছে। তাদের তিনজনকেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভাগ