স্টাফ রিপোর্টার॥ নসিমন, করিমন, আলমসাধু ও যন্ত্রচালিত তিন চাকার যানের বৈধতা প্রদান ও গ্রাম শহরে চলাচলের রুট নির্ধারণের দাবিতে যশোর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন জেলা বামজোটের নেতৃবৃন্দ। গতকাল রোববার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রফিকুল হাসানের কাছে নেতৃবৃন্দ স্মারকলিপিটি প্রদান করেন। এতে নেতৃবৃন্দ বলেন, নছিমন, করিমন, আলমসাধু ও যন্ত্রচালিত তিন চাকার যান যশোরসহ সারাদেশে লক্ষ লক্ষ বেকারের যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, তেমনি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। এর মাধ্যমে কম খরচে গ্রাম থেকে শহরে পণ্য বহন করার পাশাপাশি জাতীয় ও স্থানীয় নির্বাচনে ভোটের সামগ্রী বহন করা হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেম পরীক্ষা-নিরীক্ষা করে এই যানের সংস্কার ও আইনি বৈধতা দিলে সরকারের রাজস্ব খাতে আয় বাড়বে। এই বাহন যে পরিমাণ পণ্য বহন করতে পারে সে মানের আমদানিকৃত গাড়ির মূল্য ৬ থেকে ৭ লাখ টাকা। অথচ, এই যানটি তৈরিতে খরচ হয় ১ লাখ টাকা। এমতাবস্থায় নেতৃবৃন্দ গ্রাম ও শহরে মালামাল পরিবহনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভার সমন্বয়ে রুট নির্ধারণ করা, বুয়েটের মাধ্যমে এই বাহনের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কারিগরি সহায়তা দিয়ে বৈধ লাইসেন্স প্রদান করা, মহাসড়কের পাশে বাইলেন নির্মাণ করার দাবি জানান। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বামজোটের নেতা জিল্লুর রহমান ভিটু, হাসিনুর রহমান, শাহজাহান আলী প্রমুখ।





