লোহাগড়ায় স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ক্ষতি হল শিক্ষিকার

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়া উপজেলায় স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত হলেন এক স্কুল শিক্ষিকা! সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম আজাদ মোল্যার সাথে তার স্ত্রী বিউটি বেগমের পারিবারিক বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে গত ১৭ জানুয়ারি আবুল কালাম আজাদ নিজ স্ত্রীকে মারধর করেন। অসুস্থ হয়ে বিউটি বেগম লোহাগড়া হাসপাতালে ভর্তি হন। এ ঘটনার পর বিউটি বেগম স্বামীর বিরুদ্ধে এক স্কুল শিক্ষিকার সাথে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠার অভিযোগ আনেন। স্থানীয় কিছু লোক বিষয়টি নিয়ে স্কুলের শিক্ষার্থীদের দিয়ে ওই শিক্ষিকার অপসারণের দাবিতে বিক্ষোভ করান। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ফাইজার রহমান বলেন, স্বামী-স্ত্রীর পারিবারিক দ্বন্দ্বে অযথা এক শিক্ষিকাকে জড়িয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন দুষ্টু চক্রের কিছু লোক। ওই শিক্ষিকার পরিবারের সাথে আবুল কালাম আজাদের পরিবারের প্রায় চার বছর যাবত ভাল সম্পর্ক চলছিল। একটি কুচক্রী মহল বিউটি বেগমকে ভুল বুঝিয়ে রটনা রটিয়ে স্কুলের সুনাম নষ্টের চেষ্টা করেছে। ম্যানেজিং কমিটির সদস্য মো. চুন্নু বলেন, স্ত্রীকে মারধর করায় কিছু লোকের পরামর্শে বিউটি বেগম ওই শিক্ষিকাসহ তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছিলেন। এখন সকল বিরোধ মিটে গেছে। বিউটি বেগম বলেন, স্বামীর সাথে পারিবারিক বিরোধের কারণে অভিযোগ দিয়েছিলাম। আমাদের বিরোধ মীমাংসা হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুর রহমান ও প্রধান শিক্ষক কামরুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের ব্যবহার করে পরিবেশ ঘোলা করা হচ্ছিল। প্রশাসনের সহযোগিতায় আমরা তা দমন করেছি।

ভাগ