কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে কালীগঞ্জ উপজেলার কাশিপুর এলাকা থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয় হরিণাকুন্ডু উপজেলার চটকাবাড়ীয়া এলাকার আব্দুল আজিজের ছেলে হোসেন আলী ও একই উপজেলার পাখিমারা গ্রামের আনোয়ার চৌধুরীর ছেলে নাজমুল চৌধুরীকে। এছাড়া কালীগঞ্জ উপজেলার গান্না সড়কের সিও অফিসের সামনে থেকে ৩৬ বোতল ফেনসিডিলসহ চায়না বেগমকে আটক করা হয়। তিনি আড়াপাড়ার নদীপাড়া এলাকার আব্দুস সালামের স্ত্রী।
কালীগঞ্জ থানা পুলিশের ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, আটককৃতরা মাদক ব্যবসায়ী। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।





