স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা উপজেলায় এক ইজিবাইক চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মেহেদী হাসান ওরফে শুকুর আলী (২০) উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আড়সিংড়ি পুকুরিয়া গ্রামের জুলফিকার আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, রবিবার সকালে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের সাঞ্চডাঙ্গা গ্রামের কয়েকজন কৃষক গাছে ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে তার ইজিবাইকটি পাওয়া যায়নি।
নিহতের মা পান্না বেগম ও চাচাতো বোন আসমা খাতুন জানান, গত শুক্রবার বিকেলে মেহেদী হাসান ওরফে শুকুর আলী ভাড়া খাটার জন্য চৌগাছায় আসে। এরপর সে আর বাড়িতে ফেরেনি। সকালে খবর পাওয়া যায় তার লাশ সাঞ্চাডাঙ্গা গ্রামের মাঠের মধ্যে একটি গাছে ঝুলছে।
ইজিবাইক চালক শুকুর আলীর লাশ উদ্ধার হয়েছে তার নানা বাড়ির গ্রাম থেকে। সাঞ্চাডাঙ্গা গ্রামের মোশারফ হোসেন নিহতের নানা বলে জানা গেছে। অনেকের ধারণা, নতুন ইজিবাইক হবার কারণে যাত্রী বেসে দু®কৃতকারীরা ইজিবাইকটি ভাড়া করে। কৌশলে তাকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে ইজিবাইক নিয়ে যায়। থানার সেকেন্ড অফিসার এসআই বিপ্লব রায় জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।





