বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে নাশকতার অভিযোগে জামায়াতে ইসলামীর দুই নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত দুটোর দিকে মোরেলগঞ্জ উপজেলার বিশারীঘাটা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-রওশনারা ডিগ্রী কলেজের প্রদর্শক পৌর জামায়াতের আমীর মো. রফিকুল ইসলাম (৪৬) ও এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক জামায়াত নেতা মো. মোস্তফা আল মাহমুদ(৫০)।
মোরেলগঞ্জ থানা পুলিশের ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের বিশারীঘাটা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় রফিকুল ইসলাম ও মোস্তফা আল মাহমুদকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে পোড়া টায়ার, একটি হকিস্টিক, চাপাতি, লাঠি, নিজামী ও মওদুদীর লেখা কয়েকটি বই ও পৌর জামায়াতের আমীর রফিকুল ইসলামের রোকন সদস্য পদ লাভের রিপোর্ট বই জব্দ করা হয়েছে। এ ঘটনায় এসআই জাহাঙ্গীর আটক দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে নাশকতা মামলা দায়ের করেছেন। রোববার দুপুরে আটককৃতদের আদালতে সোপর্দ করলে বিচারক তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন।





