স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের শৈলকুপায় সরকারি ডিগ্রি কলেজে ক্লাসে শিক্ষক অনুপস্থিত, সীমাহীন দুর্নীতি, অনিয়মিত ক্লাস গ্রহণ, বিজ্ঞান বিষয়ের প্রাক্টিক্যাল না নেওয়া ও পর্যাপ্ত শিক্ষকের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। রবিবার সকাল ১০ টায় কলেজ গেট থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। সময় বাড়ার সাথে সাথে বিক্ষোভ মিছিলটি বিশাল সমাবেশে পরিণত হয়। এ সময় ক্ষোভে ফুঁসে ওঠা সাধারণ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের ফটকে বসে উপজেলা শহরের প্রধান সড়ক অবরোধ করে। ফলে দীর্ঘসময় অফিসপাড়া জুড়ে বিশাল যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষসহ বেশিরভাগ শিক্ষক নিয়মিত কলেজে আসে না। রুটিন মোতাবেক ক্লাস হয় না। বিজ্ঞান বিভাগের কোন প্রাক্টিক্যাল ক্লাস হয় না দীর্ঘদিন। শীতকালীন খেলাধুলাসহ আনুসঙ্গিক সমগোত্রীয় বিষয়ে কোন লেখাপড়া হয় না। শিক্ষার্থীদের দাবি তারা বেশিরভাগ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। বিতর্ক, বার্ষিক ক্রীড়া না থাকলেও আছে শিক্ষকদের ক্লাস ফাঁকির পাঁয়তারা। অধ্যক্ষের গাফিলতির কারণে শিক্ষাব্যবস্থার উন্নতি নেই কলেজটিতে। যে কারণে দিনের পর দিন সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার গুনগত মান কমতে শুরু করেছে কলেজটিতে। তাদের দাবি আধুনিক শিক্ষা ব্যবস্থার সকল সরকারি সুযোগ সুবিধা বঞ্চিত কলেজ ক্যাম্পাসের সব ধরনের অনিয়ম দূর করে নিয়মিত পাঠদান শুরু করা হোক। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশারফ হোসেন, অধ্যক্ষ প্রফেসর আব্দুস সোবহান, ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু ও শৈলকুপা থানার তদন্ত কর্মকর্তা মহসিন হোসেন আগামী ১৫দিনের মধ্যে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।




