পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ মায়ের হত্যার বিচার চেয়ে খুলনার পাইকগাছা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ছেলে। উপজেলার কলমিবুনিয়া গুচ্ছ গ্রামের মৃত শাহজাহান গাজীর ছেলে আলমগীর গাজী রবিবার সকালে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, শ্রীকন্ঠপুর গ্রামের মৃত মেহের বিশ্বাসের ছেলে আরশাদ বিশ্বাস (৪৫) ও তার সহযোগীরা গভীর রাতে তার মাকে হত্যা করতে পারে। আরশাদ বিভিন্ন সময় তার মাকে কুপ্রস্তাব দিত। এক পর্যায়ে কয়েক মাস আগে তার মা আলেয়া বেগম আরশাদকে বাঁকা বাজারে জুতা পেটা করেন। আরশাদ স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু’র কাছের লোক পরিচয় দিয়ে এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে বেড়ায়। এ কারণে তার বিরুদ্ধে কথা বলার সাহস হয় না। গত ২৩ জানুয়ারি নিহতের ভাই মামলার সাক্ষী ইউনুসকে মোবাইল ফোনে মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করা হয়। এমনকি অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও খুন জখমের হুমকি দেয়। এ অভিযোগে ইউনুস পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আলমগীর গাজী সংবাদ সম্মেলনে জানমালের নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।





