দৈনিক সংগ্রামের মিডিয়া তালিকাভুক্তি বাতিলে নেতৃবৃন্দের নিন্দা

লোকসমাজ ডেস্ক ॥ দেশের অন্যতম প্রাচীন সংবাদপত্র দৈনিক সংগ্রামের মিডিয়া তালিকাভুক্তি বাতিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতৃবৃন্দ। বিএফইউজে’র সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম এক বিবৃতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর (ডিএফপি) ঠুনকো অজুহাতে দৈনিক সংগ্রামের মিডিয়া তালিকাভুক্তি বাতিল করে ন্যায়ের পরিপন্থী কাজ করেছে। এটি একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। সরকারের সঙ্গে ভিন্নমতের কারণেই এ ধরনের অন্যায় ও অন্যায্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সাংবাদিক সমাজ মনে করে। বর্তমান সরকারের সময়ে ভিন্নমতের গণমাধ্যম বন্ধ ও দলনের যে ধারাবাহিকতা চলছে তা থেকে এটি আলাদ করার সুযোগ নেই। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে দৈনিক সংগ্রামের মিডিয়া তালিকাভুক্তি পুনর্বহাল এবং পত্রিকাটির কারাবন্দী সম্পাদক আবুল আসাদের মুক্তি দাবি করেন।

ভাগ