বাগেরহাট অফিস ॥ বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাবার ওপর অভিমান করে গলায় গামছা পেচিয়ে বলাই (১২) নামে এক শিশু আত্মহত্যা করেছে। শনিবার রাতে উপজেলার উমাজুড়ি গ্রামের যতিশ মল্লিকের শিশুপুত্র নিজ বসত ঘরে আত্মহত্যা করে। পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর শরিফুল হক বলেন, বাড়ির পাশে একটি সামাজিক অনুষ্ঠানে যাবার কথা বলে পঞ্চম শ্রেণিতে পড়া শিশু বলাই। পরীক্ষার জন্য তার বাবা যতিশ মল্লিক বাধা দেন । এতে সে রাগে ক্ষোভে বাবার ওপর অভিমান করে নিজ ঘরে আড়ার সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন টের পেয়ে রাত ৯ টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিতলমারী উপজেলা হাসপাতালে ভর্তি করে। সে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরে শিশুটি মারা যায়।




