আন্তর্জাতিক সংবাদ

তথ্য গোপন করছে চীন, ভাইরাসে আক্রান্ত ৯০ হাজার!
লোকসমাজ ডেস্ক ॥ চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত মারা গেছে ৫৬ জন, আক্রান্তের সংখ্যা দুই সহস্রাধিক। তবে আক্রান্তের সংখ্যা নিয়ে তথ্য গোপন করছে চীন, এমনটিই উঠে এসেছে দেশটির এক নার্সের ভাইরাল হওয়া ভিডিওতে। ডেইলি মেইল জানায়, ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা অন্তত ৯০ হাজার বলে দাবি করেছেন উহানে কর্মরত ওই নার্স। যদিও সরকারি ভাষ্যে এই সংখ্যা দুই সহস্রাধিক। মুখে মাস্ক ও শরীরে সুরক্ষিত স্যুট পরা ওই নারী এক ভিডিওতে বলেন, ‘করোনাভাইরাসের যেখানে উৎপত্তি, আমি সেখানে। আমি এখানে সত্য বলতে এসেছি। এই মুহূর্তে উহানসহ হুবেই প্রদেশের অন্যান্য শহরে, এমনকি চীনজুড়ে করোনাভাইরাসে ৯০ হাজার জন আক্রান্ত হয়েছে।’ ওই নার্স সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, ‘এই ভিডিও যারা দেখছেন তাদের সবাইকে আমি বলতে চাই, ঘরের বাইরে বের হওয়া কারও উচিত হবে না। কোনো পার্টি করবেন না, বাইরে কিছু খাবেন না। নিরাপদে থাকলে আগামী বছর আপনাদের পরিবারের সঙ্গে সুস্থভাবে মিলিত হতে পারবেন।’ তিনি আরও বলেন, ‘সরকার কি বলল তা কেয়ার করি না। আমি সামাজিক যোগাযোগের মাধ্যমে সবাইকে জানাতে চাই। সবাই উহানের জন্য মাস্ক, চশমা এবং কাপড় ডোনেট করুন। দয়া করে আমাদের সাহায্য করুন। আমাদের সংগ্রহ পর্যাপ্ত নয়।’ ইতিমধ্যে ইউটিউবে এই নারীর ভিডিও ২০ লাখেরও বেশি বার দেখা হয়েছে। চীনের করোনাভাইরাস পৃথিবীব্যাপী আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। শনিবার পর্যন্ত ১৪টি দেশ থেকে ভাইরাসটিতে আক্রান্তের খবর মিলেছে। এমন সময় প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে, যখন দেশটির পঞ্জিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ চান্দ্রবর্ষ উদ্যাপন শুরু করেছে চীনারা।

ভারতের প্রজাতন্ত্র দিবসে মসজিদে উড়ল জাতীয় পতাকা
লোকসমাজ ডেস্ক ॥ ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবসে কেরালা রাজ্যের সব মসজিদ জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। দেশটির ইতিহাসে এই প্রথম এ ঘটনা ঘটল। সংবাদ প্রতিদিন জানায়, জাতীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি রাজ্যের প্রতিটি মসজিদে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাও পাঠ করা হয়েছে। দেশের ঐক্য ও ভ্রাতৃত্বকে সুদৃঢ় করার জন্যই এবার অভিনব এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। ভারতে যখন মুসলিম বিরোধী নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং নাগরিক তালিকা (এনআরসি) নিয়ে বিক্ষোভে পুলিশ গুলি চালিয়ে ৩০ জনকে হত্যা করেছে, ঠিক তখনই এই ঘটনা ঘটল। জানা গেছে, রাজ্যের প্রতিটি মসজিদে জাতীয় পতাকা উত্তোলন ও ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করার নির্দেশ দিয়েছে কেরালা স্টেট ওয়াক্ফ বোর্ড। ২৫ জানুয়ারির মধ্যে রাজ্যের প্রতিটি মসজিদ কমিটির কাছে এই মর্মে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে বলা হয়, রবিবার সকাল সাড়ে ৮টার সময় রাজ্যের প্রতিটি মসজিদে জাতীয় পতাকা উত্তোলন করে তারপর সংবিধানের প্রস্তাবনা পাঠ করতে হবে। এ জন্য বিজ্ঞপ্তির সঙ্গে সংবিধানের প্রস্তাবনার একটি প্রতিলিপিও দেওয়া হয়েছে।

ব্রাজিলে ভয়াবহ বন্যায় ৩০ জনের প্রাণহানি
লোকসমাজ ডেস্ক ॥ ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরিয়াস প্রদেশে দুই দিনের ঝড়-বৃষ্টিতে কমপক্ষে ৩০ জন মারা গেছেন। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা জানান, এ দুর্যোগে ১৭ ব্যক্তি নিখোঁজ ও সাতজন আহত হয়েছে। একের পর এক ভূমিধস ও ভবন ধসের কারণে প্রায় সাড়ে তিন হাজার লোক ঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। বন্যার কারণে কয়েকটি মহাসড়কের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভূমিধস ও ধসে পড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বেশির ভাগ লোক মারা গেছে । এদের মধ্যে অন্তত দুই জন শিশু রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রবিবারে বৃষ্টি বন্ধ হবে বলে আশা করা যাচ্ছে। তবে কর্তৃপক্ষ ভূমিধসের আশঙ্কার কথা জানিয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

ভাগ