ঝিনাইদহে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। এ উপলক্ষে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। এরপর শিল্পকলা একাডেমি মিলনাতনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. প্রফেসর হারুন-উর-রশিদ আসকারী বলেন, নজরুল ছিলেন একজন বিস্ময়কর বাঙালি প্রতিভা। মাত্র ২৩ বছরেই তিনি বিপুল প্রতিভার জন্ম দিয়ে গেছেন। তিনি ছিলেন, অকুতোভয় ও দ্রোহী কবি। তিনি ছিলেন মানবতাবাদী ও সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কবি নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক ভূঞা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস, সংস্কৃতি বিভাগের প্রধান প্রফেসর ড. আনোয়ার হোসেন ও কবি নজরুল ইসলাম ইনস্টিটিউটের সচিব মো. আব্দুর রহিম। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ঝিনাইদহ জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার থেকে শুরু হওয়া এ সম্মেলন শেষ হবে আগামী ২৭ জানুয়ারি। ৩ দিনব্যাপী এ অনুষ্ঠানে কবির গান পরিবেশন, আলোচনা সভা ও তার জীবন দর্শন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ভাগ