তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালায় ১৮ বছরের নিচে শিশুর কাছে সিগারেট বিক্রির অপরাধে ও নিষিদ্ধ গাইড বই বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সকালে ১৮ বছরের নিচে শিশুর কাছে সিগারেট বিক্রির অপরাধে তালা বাজারে পাল সুপার মার্কেটে একটি মুদিখানা দোকানে মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর পর নিষিদ্ধ গাইড বই বিক্রির অভিযোগে হাইস্কুল রোডে অরুনা বুক ডিপোকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন ওই দুই ব্যবসায়ীকে জরিমানা করেন।





