স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগরে ভ্যান চোর সন্দেহে ইলিয়াস শেখ (৪০) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। শুক্রবার ভোরে অভয়নগর উপজেলার শুভরাড়া মাঠপাড়ায় এই গণপিটুনির ঘটনা ঘটে। নিহত ইলিয়াস শেখ শুভরাড়া গ্রামের হাকিম শেখের ছেলে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, শুক্রবার ভোর চারটার দিকে অভয়নগর থানার শুভরাড়া মাঠপাড়ায় হাজী আছাদ ভুইয়ার বাড়ির সামনে ভ্যান চোর সন্দেহে ইলিয়াস শেখকে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, নিহত ইলিয়াসের লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





