উপশহরে বাড়ি ঢুকে আকুল হত্যা মামলার আসামির তান্ডব, আহত ৪

স্টাফ রিপোর্টার ॥ যুবদল নেতা আশিকুর রহমান আকুল হত্যা মামলার প্রধান আসামি কুখ্যাত সন্ত্রাসী আসিফ উপশহর ই-ব্লকের একটি বাড়িতে ঢুকে তান্ডব চালিয়েছে। ইফটিজিংয়ের প্রতিবাদ করায় তার হাতে স্বামী-স্ত্রী, কন্যা ও গৃহ শিক্ষক আহত হয়েছেন। আহতদের ভেতর গৃহশিক্ষক মো. এহসান ও ছাত্রী জান্নাতুল ফেরদৌস দিশাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মো. এহসানের বাড়ি ময়মনসিংহর গফরগাঁও। তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইডুকেশন ফাইনাল ইয়ারের ছাত্র। জান্নাতুল ফেরদৌস দিশা যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।
স্বজনরা জানিয়েছেন, এহসান শহরের পালবাড়িতে একটি ছাত্রাবাসে থাকেন এবং উপশহর ই-ব্লকের বাসিন্দা আরিফ হাসান রানার কন্যা জান্নাতুল ফেরদৌস দিশাকে প্রাইভেট পড়ান। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার সময় প্রাইভেট পড়ানোর পর তিনি বাড়ির গেটের তালা খুলে বের হচ্ছিলেন। এ সময় যুবদল নেতা আশিকুর রহমান আকুল হত্যা মামলার প্রধান আসামি কুখ্যাত সন্ত্রাসী আসিফ তার সহযোগীদের নিয়ে বাসভবনে প্রবেশ করে এবং তাকে উত্যক্ত করতে থাকে। প্রাইভেট শিক্ষককে ওই বাড়িতে না আসার জন্যে হুমকি দেয়। এ সময় দিশা প্রতিবাদ জানালে আসিফসহ তার সহযোগীরা তাকে বেদম প্রহার করে। তখন দিশার পিতা আরিফ হাসান রানা ও মাতা রোসনা খাতুন বাড়ির ২য়তলা থেকে নিচে নেমে আসেন এবং ঘটনার প্রতিবাদ করেন। এরপর ওই সন্ত্রাসীরা আরিফ হাসান রানা ও তার স্ত্রীকেও বেধড়ক মারপিট করে। সন্ত্রাসীদের মারপিটে গৃহশিক্ষক এহসান ও ছাত্রী দিশা গুরুতর আহত হলে রক্তাক্ত অবস্থায় তাদের গভীর রাতে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্বজনদের দাবি, দিশা সুন্দরী। তাই সন্ত্রাসী আসিফ তাকে উত্যক্ত করে।

ভাগ