ছেলের পিস্তল জব্দের আবেদন করে আ.লীগ নেতা বাবার জিডি

লোকসমাজ ডেস্ক ॥ পাবনায় আওয়ামী লীগ নেতা খ ম হাসান কবীর আরিফের বিরুদ্ধে একাধিকবার হত্যাচেষ্টার অভিযোগ তুলে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন বাবা খন্দকার আবদুল মান্নান। জিডিতে তিনি ছেলের লাইসেন্স করা পিস্তল জব্দ করার আবেদনও করেছেন। ১৩ জানুয়ারি পাবনা সদর থানায় তিনি এ লিখিত অভিযোগ (জিডি) করেন। খ ম হাসান কবীর আরিফ পাবনা জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি। তার বাবা আবদুল মান্নান পাবনার পরিবহন ব্যবসায়ী এবং আরিফ পরিবহনের মালিক। লিখিত অভিযোগে খন্দকার আবদুল মান্নান উল্লেখ করেন, তার ছেলে খন্দকার হাসান কবীর আরিফ সব সময় তার সঙ্গে খারাপ আচরণ করেন। তুচ্ছ কারণে গায়ে হাত তোলেন এবং পিস্তল দিয়ে হত্যার হুমকি দেন। এর আগে আরিফ তাকে গলাটিপে হত্যার চেষ্টা করলে প্রতিবেশীরা রক্ষা করেন। আরিফের ভয়ে তিনি বাড়ি থেকে বের হতে পারেন না। পাবনা সদর থানার ওসি নাসিম আহমেদ জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তের জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে। আদালতের নির্দেশনা অনুসারে অস্ত্র জব্দের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। খ ম হাসান কবীর বলেন, বাবার বয়স প্রায় নব্বই। তার পক্ষে এমন জিডি করা সম্ভব নয়। হয়তো কেউ তাকে বিভ্রান্ত করে স্বাক্ষর করিয়ে নিয়েছে।

ভাগ